Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রাণনাশের শঙ্কায় শোকজ পাওয়া বিএনপি নেতা ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

আমি এবং আমার পরিবার হত্যার হুমকির মধ্যে পড়েছি বলে অভিযোগ করেন তিনি

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম

দেশ-বিদেশ থেকে স্বাধীনতাবিরোধী একটি চক্র প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘আমাকে মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে। আমার সেগুনবাগিচার ভাড়া বাসার সামনে ওরা অবস্থান নিয়েছে। আজ আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় শঙ্কায় আছে।”

এদিকে আজ ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকজন। গতকাল রবিবার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে “বিপ্লবী ছাত্র জনতা” ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ”, “জুলাই রাজবন্দী”সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে গতকাল কিছু মানুষ বিক্ষোভ করে তার নিজ এলাকা কিশোরগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তার কুশপুত্তলিকায় আগুন দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতা-র্কমীরা।

ফজলুর রহমান বলেন, “আমার যে এলাকা- ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের মানুষের কাল থেকে বোধহয় নাওয়া-খাওয়া বন্ধ। যেটা আমার নির্বাচনী এলাকা (কিশোরগঞ্জ-৪) সেখানের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে। আমি দেশের একজন মানুষ; সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী, এ দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে।”

মব সৃষ্টি প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘‘আমি ওদেরকে চিনি না- শিশু, বাচ্চা তো। ওরা সকাল ৭টা থেকে সেখানে আছে। শুনেছি তারা একটি ছাত্র সংগঠনের। তবে এটা আমাদের দলের ছাত্র সংগঠন নয়। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন এরা কারা? মবসৃষ্টিকারীর সংখ্যা সাত থেকে নয় জন। ওরা বলছে, ফজলু পাগলাকে গ্রেপ্তার কর, ফজলু পাগলাকে বাঁচতে দেব না, ফজলু পাগলাকে হত্যা কর, এরকম আরকি।”

তিনি বলেন, ‘‘আমি নাকি ফজলু পাগলা। এই ফজলু পাগলা নামটি প্রথমে আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতে ইসলাম। প্রথমে এই কথাটা বলেছেন মুফতি আমির হামজা নামে একজন লোক।”

এমন পরিস্থিতিতে দল থেকে সহযোগিতা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দল তো সাপোর্ট করবেই; করবে না কেন? আমি এবং আমার পরিবার যে হত্যার হুমকির মধ্যে পড়েছি, সেটা অবশ্যই আমি আমার দলকে জানাব। জানাব না কেন? আজ সারা জাতিকেও এ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানালাম।”

   

About

Popular Links

x