Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পীরের মৃত্যু

সামাজিক যোগাযোগমাধ্যমে কোরআন অবমাননার ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ জনতা হামলা চালায়

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীম (৬৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামীম বাবার দরবার শরিফে’ এ ঘটনা ঘটে। নিহত শামীম দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা। এর আগে ২০২১ সালের ১৭ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামীমকে একটি অনুষ্ঠানে কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

হামলায় ঘটনাস্থলেই শামীমসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়, তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকিদের চিকিৎসা চলছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তিনি ছুটিতে থাকলেও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।“

 

   

About

Popular Links

x