ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় প্রধান ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে এ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নেবেন।
তবে আবহাওয়া প্রতিকূল হলে বা ভারী বৃষ্টিপাত হলে প্রধান জামাতটি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। জামাত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মুসল্লিদের প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পৃথক পথ নির্ধারণ করা হয়েছে। পুরো মাঠে প্রস্তুত করা হয়েছে ১২১টি কাতার। পাশাপাশি একসঙ্গে ১৪০ জন মুসল্লির ওজুর ব্যবস্থাও রাখা হয়েছে।
ঈদ-উল-আযাহার জামাত ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এছাড়া মহানগরীর প্রায় এক হাজার ঈদ জামাতের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন এক হাজার ৫০০ পুলিশ সদস্য। আর ঈদের দিন পুরো রাজধানীতে মোতায়েন থাকবেন প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য।



