রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে দেশটির রাজধানী রাজধানী মস্কোতে সমাহিত করা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনির মরদেহ শুক্রবার (২ মার্চ) তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে মস্কোয় সমবেত হন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মানুষ গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করেই নাভালনির শেষকৃত্যে অংশ নিয়েছে।
শুক্রবার নাভালনির মরদেহ প্রথমে রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে চার্চের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
নাভালনির সহযোগীর টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে কয়েকজন মানুষকে লাশ কফিনে করে চার্চে বহন করে নিয়ে যেতে দেখা যায়।
এসময় নাভালনিকে নিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের। কারাগারে নাভালনির মৃত্যুর জন্য রুশ কর্তৃপক্ষকে ক্ষমা করা হবে না বলেও স্লোগান দেন তারা। পুলিশি পাহারার মধ্যে নাভালনির শেষকৃত্যে উপস্থিত ছিলেন তার বাবা আনাতোলি ও মা লিয়ুদমিলা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক ছিলেন নাভালনি। গত ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার আর্কটিক পেনাল কারাগারে নির্জন প্রকোষ্ঠে মারা যান ৪৬ বছর বয়সী এই বিরোধী নেতা।
রুশ কর্তৃপক্ষ বলে আসছে, কারাগারে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে নাভালনির। তবে পরিবার ও সমর্থকদের অভিযোগ, কারাগারে নাভালনিকে হত্যা করা হয়েছে।



