Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কিশোর গ্যাংয়ের কবল থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে আহত চিকিৎসকের মৃত্যু

কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে দুই স্কুলছাত্রকে বাঁচাতে ৯৯৯-এ কল করেন আলী রেজা রানা

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম

চট্টগ্রামে “কিশোর গ্যাং”-এর সদস্যদের হাত থেকে ছেলেকে বাঁচানোর সময় হামলার শিকার হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কোরবান আলী (৬০)। বুধবার ভোরে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে আলী রেজা, যাকে বাঁচাতে গিয়েই আহত হয়ে মৃত্যুশয্যায় ছিলেন তিনি।

বুধবার (১০ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাও মাঠ সংলগ্ন জে লাইনে গত ৫ এপ্রিল “কিশোর গ্যাংয়ের” হামলার মুখে পড়েন দাঁতের চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে তিনি নিজেও হামলার শিকার হন।

আলী রেজা জানিয়েছেন, তার বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল।

ঘটনার বর্ণনা দিয়ে ডা. কোরবান আলীর মামাতো ভাই জসীম উদ্দিন বলেন, “কোরবান আলীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে সেখান থেকে ‘মেডিক্যাল সেন্টার’ নামে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। ডা. কোরবান আলীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।”

জানা গেছে, কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে দুই স্কুলছাত্রকে বাঁচাতে ৯৯৯-এ কল করেন আলী রেজা রানা। এ ঘটনায় প্রতিশোধ নিতে ওইদিন সন্ধ্যায় রানাকে মারধর করতে যায় কিশোর গ্যাং-এর সদস্যরা। ছেলেকে বাঁচাতে গিয়ে তখন মারধরের শিকার হন কোরবান আলী।

পুলিশ জানিয়েছে, হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রসুল নিশানের অনুসারী।

এ ঘটনায় আলী রেজা রানা বাদী হয়ে শনিবার ১২ জনের নাম উল্লেখসহ আরও ছয়জনকে অজ্ঞাত আসামি করে আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ মঙ্গলবার মো. সাগর, মো. সংগ্রাম ও পাপেল নামে হামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, “হামলার শিকার দন্ত চিকিৎসক কোরবান আলী আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এর আগে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x