রাজধানীর সদরঘাটে একটি লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
ঈদ-উল-ফিতরের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে এমভি তাসরিফ-৪ লঞ্চের দড়ি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।
নিহতদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আনোয়ারুল ইসলাম দোলন জানান, “এমভি তাসরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ দড়ি দিয়ে সদরঘাটের পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামে আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চটির দড়ি ছিঁড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।”
তিনি বলেন, “আহতদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।”



