দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হলে পুলিশের সাবেক মহাপদির্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “বেনজীর আহমেদ যদি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে।”
রবিবার (২ জুন) দুপুরে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “বেনজীর আহমেদের বিষয়টি দুদক তদন্ত করছে। এটা একটা প্রক্রিয়া। সরকার আগ বাড়িয়ে কিছু করতে পারে না।”
মন্ত্রী বলেন, “বেনজীর আহমেদের ঘটনা দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত-মামলা-গ্রেপ্তার সবকিছুর একটা আইনি প্রক্রিয়া আছে। সরকার এখানে দুদককে ডিঙিয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে।”
সরকারের সহায়তায় বেনজীর আহমেদ বিদেশে পালিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন দাবির জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, “সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে? কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না।”
বিএনপির আমলে বাংলাদেশে দুর্নীতির মহোৎসব শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সরকারপ্রধান দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন, এমন অভিযোগ কেউ করতে পারবে না। তিনি সৎ জীবন যাপন করেন।”
আওয়ামী লীগ সম্পাদক বলেন, “৭৫ পরবর্তীকালে কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে। ব্যক্তি দুর্নীতি করতে পারে। দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা।



প্রধানমন্ত্রী: আমরা এখন দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি
ফখরুল: দেশ এখন মাফিয়া-লুটেরাদের কবলে