Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের বেশি খরচ ভারত-যুক্তরাষ্ট্রে

বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে এপ্রিলে খরচ করেছেন ৫০৭ কোটি টাকা

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৮:৩৭ পিএম

দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বিভিন্ন সেবা ও পণ্য কিনে চলতি বছরের এপ্রিলে খরচ করেছেন ৫০৭ কোটি টাকা। যা মার্চের তুলনায় ৩ কোটি ৪০ লাখ টাকা বেশি। মার্চে লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৫০ লাখ টাকা।

ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন কয়েকটি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও আরব আমিরাত। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের ৫০% এই চার দেশে হয়ে থাকে।

বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। চলতি বছরের এপ্রিলে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা খরচ করেছেন ৯৭ কোটি ৯০ লাখ টাকা, যা মোট খরচের ১৯.৩১%। মার্চে ভারতে খরচের এই অঙ্ক ছিল ১০৬ কোটি টাকা।

একইভাবে এপ্রিলে যুক্তরাষ্ট্র গিয়ে বাংলাদেশিরা খরচ করেছেন ৬৬ কোটি ৫০ লাখ টাকা, যা মোট খরচের ১৩.১২%। থাইল্যান্ড গিয়ে ৪৬ কোটি ৬০ লাখ টাকা এবং আরব আমিরাতে খরচ করেছে ৪০ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া সৌদি আরবে ৩৭ কোটি, সিঙ্গাপুরে ৩৫ কোটি ৭০ লাখ, যুক্তরাজ্যে ৩১ কোটি ৮০ লাখ এবং কানাডায় প্রায় ২৫ কোটি টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে প্রতি বছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে। 

উল্লেখ্য, বর্তমানে দেশের কার্ব মার্কেট থেকে নগদ ডলার কিনতে গেলে ১২২ থেকে ১২৩ টাকার মতো খরচ করতে হয়। সেখানে বেশিরভাগ ব্যাংক থেকেই ১১৮-১১৯ টাকায় ডলার কিনে কার্ডের মাধ্যমে খরচ করা যায়।

   

About

Popular Links

x