১৪ ঘণ্টার বেশি সময় গেলেও নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন লাগার পর থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে যাচ্ছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন।
এর আগে রবিবার রাত ১০টার দিকে রূপগঞ্জের তারাবো রুপসি এলাকায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন ওই কারখানায় আগুন লাগে।
কারখানায় লুটপাট চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।
তিনি বলেন, “রবিবার বিকেলে দুটি দলে কয়েক’শ লোক কারখানায় ঢুকে। তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি আমাদের কর্মীদের ছিল না। লুটপাটের পর রাত ৯টার দিকে কারখানার একাধিক ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়।”
ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, কারখানাটিতে প্রচুর প্লাস্টিক জাতীয় কাঁচামাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।



