Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধর্ম উপদেষ্টা: এবার প্রায় ৩২ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে

‘নির্বিঘ্নে পূজার কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “এবার প্রায় ৩২ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে। নির্বিঘ্নে পূজার কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। আমি ৬৪ জেলার ডিসি, এসপিকে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে নির্দেশনা দিয়েছি, যাতে স্থানীয় লোকদের সঙ্গে যোগাযোগ করে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়- যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের উচিত সবাইকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে দেশের উন্নয়নে কাজ করে যাওয়া।”

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের পাথরঘাটার সেন্টপ্লাসিট স্কুল ও চট্টগ্রাম জপমালা রানী ক্যাথিড্রাল গির্জা পরিদর্শন শেষে ক্যাথলিক আর্চডাইয়োসিসের আর্চবিশপ হাউসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “আবহমানকাল থেকেই এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসবাস করে আসছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সবাই এক পরিবার এবং এটা আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। বহু বছর ধরে এ দেশে বিভিন্ন ধর্ম এবং উপাসনালয় পাশাপাশি অবস্থান করছে এবং ধর্মচর্চা করে যাচ্ছে। কারণ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে একটি সাম্প্রদায়িক সৌহার্দ্যের দেশ।”

তিনি বলেন, “এক শ্রেণির দুর্বৃত্ত মাঝেমধ্যে উপাসনালয়ে হামলা চালায়। আপনারা মনে রাখবেন, রাষ্ট্র পক্ষপাতহীনভাবে প্রতিটি ধর্মের পাশে রয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, ধর্মচর্চা, ধর্ম অনুশীলন এবং ধর্মপ্রচার এসব বিষয়ে সরকার সবসময় আপনাদের সহযোগিতা করে যাবে।”

   

About

Popular Links

x