Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোটের প্রচারণায় মিশিগানের মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহরে যাচ্ছেন ট্রাম্প

এবারের নির্বাচনে প্রথম কোনো গুরুত্বপূর্ণ প্রার্থী মুসলিম প্রধান এই এলাকা সফরে আসছেন

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ ডেয়ারবর্ন শহরে ভোটের প্রচারণায় যাচ্ছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় এক ব্যবসায়ীর আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

স্থানীয় নেতা ওসামা সিবলানি বলেছেন, “এবারের নির্বাচনের প্রথম কোনো গুরুত্বপূর্ণ প্রার্থী ডেয়ারবর্ন সফরে আসছেন।”

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের মধ্যে যথেষ্ট অসন্তোষ রয়েছে। তা নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন হ্যারিস। কিন্তু সশরীরে ডেয়ারবর্নে উপস্থিত না হয়ে প্রতিনিধির মাধ্যমে কাজ করেছেন তিনি। ফলে ডোনাল্ড ট্রাম্পের সফর তার নিজের জন্য একটি ট্রাম্পকার্ড হতে পারে বলে অনেকে ধারণা করছেন।

স্থানীয় এক রেস্তোরা মালিক স্যাম আব্বাস বলেছেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চাই আমরা। এই বিষয়ে আমরা স্পষ্ট বক্তব্য আশা করছি। আমরা এখানে ভোটের রাজনীতি করতে আসিনি। আমরা চাই, আমাদের পরিবারের মানুষদের হত্যা বন্ধ হোক। বোমা হামলা বন্ধ হোক।”

গত সপ্তাহে মিশিগানে আয়োজিত সমাবেশের ধারাবাহিকতায় ডেয়ারবর্ন যাচ্ছেন ট্রাম্প। ওই সমাবেশে স্থানীয় মুসলমানদের মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহরের অনেক ডেমোক্র্যাট নেতা হ্যারিসকে সমর্থন করেননি। তবে তারা ট্রাম্প সম্পর্কেও যথেষ্ট ইতিবাচক ধারণা পোষণ করেন না। মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে যা ইচ্ছা তাই করার অনুমোদন দেওয়ার মতো কথাগুলো এখনও ভুলে যাননি তারা।

কিন্তু তারপরও, এই অঞ্চলে প্রথাগতভাবে ডেমোক্র্যাটদের প্রতি অনুগত ভোটাররা ট্রাম্প বা অন্যকোনো পক্ষের প্রতি ঝুঁকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে হ্যারিস শিবিরে। মিশিগান তাই দুপক্ষের জন্যই নির্বাচনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি ময়দান বলে প্রমাণিত হতে পারে।

   

About

Popular Links

x