পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে তাঁতিবাজার মোড়ে দুই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে প্রথমে ঢাকার টেকনিক্যাল মোড় ও সায়েন্সল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে টেকনিক্যাল মোড়, সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
কবি নজরুল কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির আপডেট জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির সঙ্গে দেখা করতে গেলে তিনি অসদাচরণ করে শিক্ষার্থীদের নিজের কক্ষ থেকে বের করে দিয়েছেন। তারই প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ করেছি।”
এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাহাত বলেন, “আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বৈষম্যমূলক আচরণ করেছে। আমাদের নতুন বিশ্ববিদ্যালয় তৈরির জন্য গঠিত কমিশনের পর থেকে সেই বৈষম্য আরও বেড়ে গেছে। প্রো ভিসির আজকের আচরণ কোনভাবেই শিক্ষক সুলভ আচরণ হয়নি। তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”
শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়ক- টেকনিক্যাল মোড় ও সায়েন্সল্যাব সড়ক অবরোধ করেন।
ঢাবি প্রোভিসির ক্ষমা চাওয়াসহ ৫ দফা দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে।



টেকনিক্যাল মোড়েও ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ
সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ