Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টা না পেরোতেই চট্টগ্রামে বৈষম্যবিরোধীদের সব কমিটি বাতিলের দাবি

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ৩ কমিটির অন্তত ৫০ থেকে ১০০ জন পদত্যাগ করেছেন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন তিনটি কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন নেতা। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে দাবি করে তারা এই কমিটিগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নতুন কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকা জোবায়রুল আলম, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা চৌধুরী সিয়াম ইলাহি ও সংগঠক আবু বাছির নাঈম। তারা জানান, আজ বেলা ৩টার মধ্যে ওই তিনটি কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে।

সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি ঘোষণা করা হয়। সেগুলো হলো- আজ (মঙ্গলবার) বেলা ৩টার মধ্যে কমিটি বাতিল, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কমিটিতে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নাম-পরিচয় ৩ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, কমিটিতে সম্মুখযোদ্ধাদের সুযোগ দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে নারী হেনস্তা ও কিশোর গ্যাংকে সহযোগিতার অভিযোগ রয়েছে, তাদের নিয়ে একপক্ষীয় কমিটি দেওয়া হয়েছে। সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীদের মূল্যায়ন করা হয়নি। নারী সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে।

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে ৬ মাসের জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। এসব কমিটিতে মোট ৭৫৪ জনের নাম রয়েছে।

   

About

Popular Links

x