Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্র উপদেষ্টা: প্রকাশ্যে ধূমপান করা নারী-পুরুষ সবার জন্য নিষিদ্ধ

রমজানে সবার সংযমী হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৯:০৬ পিএম

প্রকাশ্যে নারী-পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ। এটা একটি অপরাধ ও এটি সবাইকে মেনে চলতে হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রবিবার (২ মার্চ) বিকেলে ঢাকার মিরপুর ১৪ নম্বরে ‘‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’’ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদপুরের লালমাটিয়ায় দুই নারীর ধূমপান নিয়ে হুলস্থুল নিয়ে করা এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আমি যতটুকু জানি, ওই দুই নারী সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার সময় তাদের বাধা দেন এবং চা ছুড়ে মারেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী-পুরুষ সবার জন্য নিষিদ্ধ। এটি একটি অপরাধ। এটি সবাইকে মেনে চলতে হবে।”

তিনি আরও বলেন, ‘‘এখন রমজান চলছে, সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টাও সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন প্রকাশ্যে খাবার না খান। এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।’’

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সের মেস, ক্যান্টিন ও রান্নাঘর ঘুরে দেখেন এবং পুলিশ সদস্যদের খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় “প্রকাশ্যে ধূমপান” করছিলেন ওই দুই তরুণী। এতে বয়স্ক এক ব্যক্তির “আপত্তি” থেকে “বাগ্‌বিতণ্ডা” ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। ৪০-৫০ জনের একটি “মব” থেকে পরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মোহাম্মদপুর থানায় প্রায় ৪ ঘণ্টা ধরে দুই পক্ষের “দেন-দরবারে আপসের” পর রাত সাড়ে ১১টার দিকে দুই তরুণীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ওই দুই তরুণীকে মোহাম্মদপুর থানায় নিয়ে যান উপ-পরিদর্শক (এসআই) কাদের আহমেদ। লালমাটিয়ায় আড়ংয়ের পাশের একটি চায়ের দোকানে এ ঘটনার সূত্রপাত জানিয়ে তিনি বলেন, “চায়ের দোকানে বসে ওই দুই তরুণী চা ও সিগারেট খাচ্ছিলেন। তখন পাশ দিয়ে যাওয়া একজন বয়স্ক ব্যক্তি তাদের সিগারেট খাওয়া নিয়ে আপত্তি জানান এবং চলে যেতে বলেন। দোকানিকেও দোকান বন্ধ করতে বলেন। এ নিয়ে ওই ব্যক্তির সঙ্গে তরুণীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তির গায়ে চা ছুঁড়ে মারেন একজন।”

কাদের আহমেদ আরও বলেন, “দুই তরুণীর দাবি, ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালাগালি করায় তার ওপর চা ছুঁড়ে মারা হয়। পরে ওই ব্যক্তির সঙ্গে আরও কয়েকজন জড়ো হলে দুই তরুণী চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তখন আরও অনেক মানুষ জড়ো হয়ে তাদেরকে ধরে ফেলে। কেউ তাদেরকে মারতে চাইছিল, আবার কেউ তাদেরকে সেইফ করতে চাইছিল।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা। তিনি বলেন, “এ সময় ৪০-৫০ জনের একটা মব তৈরি হয়ে গিয়েছিল। পরে আমি থানায় খবর দিয়ে নারী ফোর্স এনে তাদের উদ্ধার করে নিয়ে আসি। খবর পেয়ে তাদের বাবা-মাও থানায় আসেন।”

   

About

Popular Links

x