বর্ষবরণের প্রস্তুতি চলার সময় চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ৪০/৫০ জনের একটি মিছিল নিয়ে এসে মঞ্চ ও আশেপাশের চেয়ারটেবিল ভাঙচুর করতে শুরু করে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, হামলাকারীরা বলেছে- শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ডিসি হিলে নববর্ষের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না।
জানা গেছে, গত ৪৬ বছর ধরে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের ব্যানারে ডিসি বাংলা বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে।
তবে ভাঙচুরের এই ঘটনার পর এবার অনুষ্ঠান না করার ঘোষণা দিয়েছে পরিষদ।
এ বিষয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিবিসি বাংলাকে বলেন, "সন্ধ্যার দিকে কিছু লোক এসে মঞ্চ ভাঙচুর করার চেষ্টা করলে আমরা তাদের ঠেকানোর চেষ্টা করি। এই ঘটনার তদন্ত চলছে।"
এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



