Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদেশি নারীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

মামলায় মোখসুদুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পিএম

ধর্ষণ ও মারধরের অভিযোগে ফেনী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন থাইল্যান্ডের নাগরিক এক নারী (৪০)। এ মামলায় মোখসুদুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) ফেনী সদর উপজেলার শর্শাদি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

জানা গেছে, মামলায় মোখসুদুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, থাইল্যান্ডের বাসিন্দা ওই নারী হংকংয়ে ব্যবসা করতেন। এর সূত্রেই মোখসুদুরের সঙ্গে তার পরিচয়। ভিসা জটিলতায় মোখসুদুর গ্রেপ্তার হয়ে হংকংয়ে কারাগারে ছিলেন। তখন তাকে কারামুক্ত হতে সাহায্য করেন ওই নারী। কারামুক্ত হয়ে মোখসুদুর রহমান বাংলাদেশে চলে আসেন। বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশে ডেকে এনে গত বছরের ১২ অক্টোবর তাকে ধর্ষণ করেন মোখসুদুর।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, মোখসুদুরকে ব্যবসার জন্য ২ লাখ ১০ হাজার হংকং ডলার ও বেশকিছু স্বর্ণালংকার দিয়েছেন ওই নারী। ধর্ষণের ঘটনার পর নিজ দেশে ফেরত যাওয়ার সময় তিনি এসব টাকা ফেরত চান। গত রবিবার পুনরায় বাংলাদেশে এসে মোখসুদুরের বাড়িতে গেলে তাকে মারধর করে লোকজন। এ সময় ওই নারীর ব্যবহৃত মুঠোফোনটিও ভেঙে ফেলা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি) মো. সামসুজ্জামান বলেন, “মোখসুদুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আজ আদালতে তার ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়।”

   

About

Popular Links

x