Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোটরসাইকেলে ধাক্কা লাগায় বাগ্‌বিতণ্ডা, ঢাবি ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম সাম্য

আপডেট : ১৪ মে ২০২৫, ০৪:৫৮ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩) মে রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তিনি এই হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শাহরিয়ার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “কয়েকজন সহপাঠী রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।"

এ ঘটনা সম্পর্কে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাবি ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনেও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সেখান থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা।

   

About

Popular Links

x