Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধান উপদেষ্টা সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষে সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন তিনি

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৫:০৭ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে আজ সন্ধ্যায় লন্ডন রওনা হবেন।

সোমবার (৯ জুন) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার  বলেন, “প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।”

গত ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেছেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া,  যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

সফরকালে অধ্যাপক ইউনূস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিবদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি বাংলাদেশের বৃহত্তর আন্তর্জাতিক কর্মকাণ্ড তুলে ধরবেন। তিনি ১১ জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টা ১৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ, অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস “কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫”-এর জন্য মনোনীত করেছেন। জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হবে। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।

প্রসঙ্গত, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন তৎকালীন প্রিন্স অফ ওয়েলসের প্রতিষ্ঠিত একটি যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। প্রতি বছর টেকসই উন্নয়ন এবং মানবিক কারণে অনুকরণীয় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরষ্কার প্রদান করে দ্য কিংস ফাউন্ডেশন।

   

About

Popular Links

x