Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

শাহজালাল বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার করা হয়

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:২০ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তিনি ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন।

রবিবার (২৯ ‍জুন) সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ম অনুযায়ী, কেবিন ব্যাগেজে গুলির ম্যাগাজিন বহন করা নিষিদ্ধ।

এদিকে এ ঘটনার পর ব্যাগ থেকে ম্যাগাজিন উদ্ধার প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে এর ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে আসিফ লেখেন, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েকদফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।”

পোস্টে তিনি আরও জানান, “মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশগ্রহণের জন্য আজ ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুল বশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল (ভুলবশত)। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোঁড়াক বটে।”

আসিফ আরও বলেন, “তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এতকিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।”

   

About

Popular Links

x