জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি “দেশ গড়তে জুলাই পদযাত্রা”কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। বেলা ১১টার দিকে তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে এ হামলার ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর ইউএনও এম রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে। তাদের কর্মসূচি বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা প্রথমে পুলিশের ওপর হামলা করে, পরে আমার গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।”
এ সময় ইউ্এনও’র গাড়িচালক মঈন আহত হন।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।



গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ