Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে নিহত ৪ জনের দাফন-সৎকার সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় তারা নিহত হন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম

গোপালগঞ্জে নিহত চারজনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় তারা নিহত হন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদারকে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে, গত বুধবার (১৬ জুলাই) রাতে এশার নামাজের পর টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজীকে দাফন করা হয়।

এছাড়া, পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সৎকার করা হয়।

এরও আগে, বুধবার দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হন।

নিহতরা হলেন–গোপালগঞ্জ শহরের কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৯), শানাপাড়ার সোহেল রানা (৩৫), উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)।

নিহতের পরিবার অভিযোগ করেছেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

এদিন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। আরও নয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x