Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষে নিহত বেড়ে ৫

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১২:৩০ পিএম

গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এনসিপির সমাবেশে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ নিয়ে ৫ জন মারা গেলেন। এর আগে এ ঘটনায় নিহত হন- দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), সোহেল মোল্লা (৪১) ও ইমন (২৪)। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) ।

পারিবারিক সূত্রে জানা যায়, রমজান আলী মুন্সীর বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়ায়। পেশায় তিনি একজন রিকশাচালক ছিলেন।

নিহত রমজান মুন্সীর ভাই হীরা মুন্সী সাংবাদিকদের বলেন, তার ভাই রিকশাচালক। ঘটনার দিন গত বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর এলাকায় সিনেমা হলের পাশেই রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে তিনি সহিংসতার মধ্যে পড়েন এবং গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ওই দিনই দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, রমজান মুন্সীর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

এর আগে গত বুধবার বিকেল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার সময় হামলার মুখে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। সমাবেশস্থল থেকে বের হওয়ার পর জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ ও র‍্যাবের পাহারায় এনসিপির নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। পরে ওই দিন বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় বের হয় তাদের গাড়িবহর।

উল্লেখ্য, ১ জুলাই থেকে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করে দলটি।

 

   

About

Popular Links

x