মাইলস্টোন দুর্ঘটনা: হতাহতদের ছবি-ভিডিও প্রকাশের ক্ষেত্রে ঝাপসা করার নির্দেশ হাইকোর্টের

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের ক্ষতবিক্ষত (ডিস্টর্ট) হওয়ার যেসব ছবি ও ভিডিও মানসিক পীড়া দেয়, সেগুলো প্রকাশের ক্ষেত্রে ব্লার (ঝাপসা) করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (৩ আগস্ট) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে গত ২৯ জুলাই হতাহতদের ছবি-ভিডিও সরাতে এবং সেগুলো ছড়িয়ে পড়া বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে রিটটি করেন আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ। রিটের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। রিটের পক্ষে শুনানি করেন রিট করা আইনজীবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গোলাম রহমান ভূঁইয়া ও নূর মুহাম্মদ আজমী।

এ বিষয়ে আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘এ ধরনের ছবি ও ভিডিও প্রচার-প্রকাশের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ রয়েছে। সে অনুসারে প্রচারিত হচ্ছে না। এ ক্ষেত্রে নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। অর্থাৎ পোশাকহীন ও অগ্নিদগ্ধ অবস্থার ছবি-ভিডিও সরানো বা ব্লার (ঝাপসা) করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এ বিষয়ে রুল ইস্যু করা হয়েছে। আদালত নির্দেশনা দিয়েছেন। পরবর্তী সময়ে এ ধরনের ছবি-ভিডিও প্রকাশ করার ক্ষেত্রে বিধিবিধানগুলো মানতে হবে এবং যেসব ক্ষতবিক্ষত ছবি-ভিডিও ইতোমধ্যে প্রকাশিত বা প্রচারিত হয়েছে, যা মানুষকে কষ্ট দেয়, সেগুলো ঝাপসা করে দিতে বলা হয়েছে।’’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘আদালত বলেছেন হতাহতের ছবি-ভিডিও প্রকাশের ক্ষেত্রে ব্লার (ঝাপসা) করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে প্রকাশের ক্ষেত্রে। এ বিষয়ে বিটিআরসিসহ বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।”