সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের লক্ষীদাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে এক বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আলমগীর হোসেন (৩৫) নামের ওই যুবকের মাথা, চোখ, মুখসহ কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে লক্ষীদাড়ি সীমান্তের ১ নং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পোস্টের কাছে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত আলমগীর হোসেন বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।
গুলিবিদ্ধ আলমগীর হোসেনের বোন ইছমত আরা জানান, বাড়ির পাশে কুমড়োর খালের পাশে বিজিবির ১নং পোস্টের পাশে শূন্যরেখা বরাবর সরকারি খাস জমিতে তার বড় ভাইয়ের একটি মাছের ঘের রয়েছে। সম্প্রতি অতি বৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়।
ইছমত আরা আরও জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ওই ঘের নেট দিয়ে ঘিরতে ও মাছের খাবার দিতে যান। ওই সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে চোরাকারবারী ভেবে গুলি ছোড়ে। এতে তার মাথা, মুখ, চোখের ভুরুসহ বিভিন্ন স্থানে ছররা গুলি লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
এদিকে, স্থানীয় গ্রামবাসী জাকির হোসেন ও আব্দুল কাদের জানান, আলমগীর দীর্ঘদিন ধরে মানুষ পাচার ও চোরাচালানের সঙ্গে যুক্ত। সীমান্তে সরকারি জায়গায় তার মাছের ঘের থাকলেও মূল পেশা চোরাচালান। সোমবার ভোরে ভারত থেকে চোরাচালানের পণ্য আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে। এ সময় তার অন্য দুই সহযোগী পালিয়ে যান।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ বলেন, “সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে আলমগীরকে জরুরি বিভাগে আনা হয়। তার মুখ, মাথাসহ বিভিন্ন স্থানে ছররা গুলির আঘাতের চিহ্ন রয়েছে।”
সাতক্ষীরার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভোমরা ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ জানান, আলমগীর নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।