ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নারীর মৃত্যু

রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী এক নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল বেগুনি রংয়ের বোরক। বয়স আনুমানিক ৩০। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ওই নারীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল আটটার দিকে কাওলায় এলিভেটেড এক্সপ্রেসের নিচের সড়কে বাসের ধাক্কায় ভাড়াকৃত মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হলেও সেখান থেকে দ্রুত চলে যান তিনি।

আহত ওই নারীকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।"

নিহত ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।