শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি অনুষ্ঠিত ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক হলেন- সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সরকার। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায়বিষয়ক কমিটির সদস্য। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের কুপ্রস্তাব ও যৌন হয়রানি, বিভাগীয় আসবাবপত্র জোরপূর্বক দখল, অফিসরুম দলীয় কাজে ব্যবহার, মিথ্যা তথ্য দিয়ে বিদেশি স্কলারশিপে আবেদন, সহকর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডা ও তেড়ে যাওয়া, উপ-উপাচার্যকে নিয়ে কটূক্তিসহ একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া, তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় দফায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়া। তার বিরুদ্ধে অভিযোগ, ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন। বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট তার বিরুদ্ধেও বরখাস্তের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে।
অন্য বরখাস্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের নিম্নমান সহকারী তানভীর আহমেদ, স্পোর্টস সায়েন্স বিভাগের নিম্নমান সহকারী সায়ন দাশগুপ্ত, শিক্ষকদের ব্যক্তিগত নথি শাখার নিম্নমান সহকারী পারভেজ হাসান, হিসাব নিয়ামক দপ্তরের উচ্চমান সহকারী মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় স্টোর শাখার কর্মচারী উজ্জ্বল হাওলাদার ও আব্দুল মান্নান।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “রেজিস্ট্রার কার্যালয়ে বিশৃঙ্খলা করায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”