গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চাকা খুলে যাওয়া চলন্ত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আগত হয়েছেন নিহত শিশুর মা-বাবাসহ আরও সাতজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি এলাকার এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামের মোকছেদ মিয়ার ১৯ দিন বয়সী ছেলে রাফি; গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের জাহিদুল ইসলাম (৫৫) এবং রাজাহার ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের নুরুন্নবী সরকার (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুসহ ১০ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ পেছনের বাঁ দিকের চাকা খুলে যায়। এতে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন পেছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু রাফি ও জাহিদুল ইসলাম মারা যান। পেশায় মুহুরি নুরুন্নবীকে দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
গুরুতর আহতরা হলেন– অটোরিকশাচালক সজীব মিয়া, রুপালি বেগম ও জাকিয়া বেগম। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “হঠাৎ অটোরিকশার চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে মৃতের সংখ্যা বেড়েছে কি-না খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”