কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সুমন হোসেন (২০)।
সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পচামাদিয়া গ্রামের বাসিন্দা আমানুজ্জামানের (৪৫) দোকানে বাকিতে সিগারেট নিতে যান প্রতিবেশী সুমন হোসেন। এ সময় দোকানি বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে দুইজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন।
এরপর স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের বড় ভাই নাজমুল ইসলাম।
অভিযোগে তিনি বলেন, “সোমবার সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকিতে সিগারেট চাইলে ভাই তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।”
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”