বিপৎসীমার ওপরে আত্রাই নদীর পানি

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে নওগাঁর সব নদ-নদীর পানি। এ অবস্থায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আত্রাই নদীর পানি। এতে নদীর দুই তীরে অবস্থিত বেড়িবাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী আত্রাই নদীর মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

এছাড়া ছোট যমুনা নদীর পানি নওগাঁ শহরের লিটন ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার, মহাদেবপুর পয়েন্টে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার, আত্রাইয়ে রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে পূর্ণভবা নদীর নীতপুর পয়েন্টে বিপৎসীমার ০.১৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

আত্রাই নদীর মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হওযায় উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলা এলাকার অন্তত ১০টি বেড়িবাঁধকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের লক্ষ্মীরামপুর, আয়াপুর, পাঁজরভাঙ্গা, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়া ও গোয়ালমান্দাসহ অন্তত ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।