ব্যক্তিগত কক্ষে ডেকে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের এক আওয়ামীপন্থী অধ্যাপকের বিরুদ্ধে। গত ৪ আগস্ট বিভাগে অভিযুক্ত শিক্ষকের ব্যক্তিগত কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এ ঘটনায় গত ১৩ আগস্ট সুষ্ঠু বিচার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত শিক্ষক হলেন ড. প্রভাস কুমার কর্মকার। তিনি পরিসংখ্যান বিভাগের শিক্ষক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এবং জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক। অন্যদিকে, ভুক্তভোগী নারী শিক্ষার্থী একই বিভাগের মাস্টার্সের ছাত্রী।
বিভাগ সূত্রে জানা গেছে, শ্রেণি উপস্থিতির বিষয়ে জানতে ওই শিক্ষার্থী শিক্ষকের ব্যক্তিগত কক্ষে গেলে অভিযুক্ত অধ্যাপক প্রভাস কুমার তাকে অন্য একদিন ফোন করে আসতে বলেন। পরবর্তীতে গত ৪ আগস্ট ভুক্তভোগী অভিযুক্ত শিক্ষকের কক্ষে গেলে তিনি তাকে সাজেশনের কথা বলে পরীক্ষার প্রশ্ন দেন এবং ছবি তুলতে নিষেধ করেন। এই সময় অভিযুক্ত শিক্ষক তার স্পর্শকাতর স্থানে অশোভন স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন। এই ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী মানসিকভাবে ট্রমার শিকার হন।
ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা বলেন, তার সঙ্গে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে সাইকোলজিস্ট দেখানো হয়েছে। মেয়ের এই অবস্থা দেখে তার পরিবারও ভেঙে পড়েছে। আমরা এইরকম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক প্রভাস কুমার কর্মকারকে মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি কাজ করছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পরবর্তী সময়ে সব জানানো হবে।”