ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত বাসভাড়া স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট ও যাত্রী ও পণ্য পরিবহন কমিটির চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঞা সই এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। ফলে এই রুটে ভাড়া পূর্বের মতোই ৫০ টাকা বহাল থাকবে।
এর আগে গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় বাসভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে সপ্তাহের সাত দিন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করার সিদ্ধান্তও হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন। পরিবহন মালিকরা বাসের আসন সংখ্যা ৫২ থেকে কমিয়ে ৪৫ করার যুক্তি তুলে ধরেন। তাদের হিসাবে এই রুটে ভাড়া ৬০ টাকার কাছাকাছি হওয়া উচিত। শেষ পর্যন্ত জেলা প্রশাসক ভাড়া ৫৫ টাকা নির্ধারণের ঘোষণা দেন।
কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও যাত্রী অধিকার সংগঠনগুলো তীব্র বিরোধিতা করে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ভাড়া কমানো না হলে শহরে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
সবশেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হলো। অর্থাৎ ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের বাসভাড়া আপাতত ৫০ টাকা–ই বহাল থাকবে।