হাডুডু খেলায় ‘দাওয়াত না দেওয়ায়’ মারধর, যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

হাডুডু খেলায় দাওয়াত না দেওয়ায় একজনকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এই ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ফুলচাঁন বর্মণ।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে মতলব উত্তর থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলায় অভিযুক্ত করা হয়েছে যুবদল নেতা মাহবুব মিজি ও মো. সালাম মিজিসহ তিনজনকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ষাটনল এলাকায় একটি প্রীতি হাডুডু খেলার আয়োজন করে মৎস্য বিভাগ। খেলায় ফুলচাঁন বর্মণ ও মহাবীর বর্মণের দুটি দল অংশ নেয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম পুরস্কার বিতরণ করেন। অতিথিরা চলে যাওয়ার পর ষাটনল ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব মিজি ও সহসভাপতি মো. সালাম মিজি ফুলচাঁনকে ডেকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। দাওয়াত না দেওয়ার অভিযোগ তুলে তাকে কিল–ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন এবং পকেটে থাকা ১২,৫০০ টাকা ছিনিয়ে নেন। এ সময় ইমাম হোসেন খান নামের আরও একজনকে মারধর করা হয়।

ফুলচাঁন বলেন, “দাওয়াত দেওয়া না–দেওয়ার বিষয়টি মৎস্য কার্যালয়ের। আমাকে দাওয়াতের অজুহাত দেখিয়ে ওই দুই নেতা হামলা চালান এবং মারধর করেন। ঘটনাটি কাউকে না জানানোরও হুমকি দেন।”

অভিযুক্ত দুই যুবদল নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকে তারা এলাকায় নেই।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান বলেন, “ঘটনাটি দুঃখজনক। নেতাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “মারধর ও টাকা ছিনতাইয়ের আইনে করা মামলাটির তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”