চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার (৩৫) নামে এক ভিক্ষুকের বাসা থেকে সাড়ে চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) তসলিমা আক্তারকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তসলিমা আক্তার নিজেকে ভিক্ষুক পরিচয় দিতেন। তবে কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মালামাল চুরি করতেন। ভিক্ষুক সেজে চুরি করাই ছিল তার মূল পেশা।
তসলিমা চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা।
লোহাগাড়া পুলিশের সূত্র জানায়, গত ২১ আগস্ট লোহাগাড়া থেকে কক্সবাজার যাওয়ার জন্য বাসস্টেশনে অপেক্ষা করছিলেন খাদিজাতুল কোবরা নামে এক নারী। এমন সময় কয়েকজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে আসেন। হঠাৎ ভিক্ষুকদের কয়েকজন নিজেদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু করে দেন। খাদিজাতুল বিষয়টির সমাধান করতে গেলে ভিক্ষুক তসলিমা কৌশলে খাদিজাতুলের কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে ২ ভরি ওজনের স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় সোমবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন খাদিজাতুল কোবরা।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন বলেন, “মামলা করার পরে লোহাগাড়া থানা-পুলিশ অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।”