ঢাবির হল সংসদ নির্বাচনে ১৩ পদে প্রার্থী ১,০৩৫, প্রত্যাহার ৭৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হল সংসদে ১৩টি পদে মোট ১,০৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার আর একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হল সংসদ নির্বাচনে মোট ১,১০৯টি মনোনয়নপত্র জমা দিয়েছিল।

এর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৫৯ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২ জন, জগন্নাথ হলে ৫৫ জন, ফজলুল হক মুসলিম হলে ৫৮ জন, শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন, রোকেয়া হলে ৪৫ জন, সূর্য সেন হলে ৭৫ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০ জন, শামসুন নাহার হলে ৩৫ জন, কবি জসীমউদ্‌দীন হলে ৬৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩ জন, শেখ মুজিবুর রহমান হলে ৫৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬ জন, অমর একুশে হলে ৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৩৮ জন, বিজয় একাত্তর হলে ৬৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জনের নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছে।

প্রার্থীতা প্রত্যাহার করেছেন- শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে ৬ জন, কবি সুফিয়া কামাল হলে ২ জন, ফজলুল হক মুসলিম হলে ৬ জন, অমর একুশে হলে ৫ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫ জন, কবি জসীমউদ্‌দীন হলে ১ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৫ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১১ জন, স্যার এ এফ রহমান হলে ৫ জন, সূর্য সেন হলে ৪ জন, বিজয় একাত্তর হলে ৯ জন, শেখ মুজিবুর রহমান হলে ৯ জন, জগন্নাথ হলে ৪ জন এবং শামসুন নাহার হলে ১ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এছাড়াও একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।