"প্রয়োজনে আলাদা ব্যালট ছাপাব, যে ব্যালটে ধানের শীষ থাকবে"- এক যুবদল নেতার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বক্তব্য ঘিরে স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা চলছে। তবে কুমিল্লার এই যুবদল নেতার দাবি, অন্য রাজনৈতিক দলের নেতার কথার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যটি কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরের। তিনি সম্প্রতি চান্দিনা উপজেলার একটি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে এ মন্তব্য করেন। ওই সমাবেশে তিনি দীর্ঘ সময় বক্তব্য রাখলেও গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সেটির ১০ সেকেন্ডের ভিডিওর একটি অংশ ছড়িয়ে পড়ে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট চান্দিনা উপজেলার কংগাই উচ্চবিদ্যালয় মাঠে গল্লাই ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ছিল। সেখানে বিশেষ অতিথি ছিলেন তিনি। সেখানে দেওয়া তার বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও গতকাল ভাইরাল হয়।
ওই ভিডিওতে যুবদল নেতা আবুল খায়েরকে বলতে শোনা যায়, "ব্যালট পেপার ছাপা যখন হবে, তখন দেখব। প্রয়োজনে আলাদা ব্যালট ছাপাবো, যে ব্যালটে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।"
এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আবুল খায়ের সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, "আমার বক্তব্যের এক দিন আগে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ একটি বক্তৃতায় বলেছিলেন, তিনি ছাতা মার্কা নিয়ে নির্বাচন করবেন। চান্দিনার ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না। যেহেতু এখনো জোট ভাগাভাগি হয়নি বা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি; তারপরও রেদোয়ান আহমেদ এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এ কথা বলেছি।"
তার ভাষ্যমতে, তিনি সারাদেশের ব্যালট পেপার নিয়ে বলেননি, শুধু চান্দিনার কথা বলেছেন। কিন্তু একটি মহল তার ওই কথার আগে এবং পরের ভিডিও কেটে শুধু ১০ সেকেন্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। যারা পূর্ণাঙ্গ বক্তব্য দেখেছেন তারা বিষয়টি বুঝতে পারবেন। এটি তার ব্যক্তিগত বক্তব্য। তার পরও কেউ যদি এ ধরনের কথায় কষ্ট পেয়ে থাকেন, সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, "ফেসবুকে ছড়িয়ে পড়া ১০ সেকেণ্ডের খণ্ডিত বক্তব্যটি আমি শুনেছি। আবুল খায়ের জানিয়েছেন, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের বক্তব্যের সূত্র ধরে তিনি আবেগাপ্লুত হয়ে এমন বক্তব্য দেন। এরই মধ্যে শুক্রবার রাতে তিনি ফেসবুক লাইভে এসে বক্তব্যটির পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন।"