নওগাঁর জেলার পত্নীতলায় এক যুবক বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ধরা পড়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন।
বুধবার (১ এপ্রিল) উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশনে এই ঘটনাটি ঘটে। তবে ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
মামুন ফিলিং স্টেশন মালিকের ছেলে অভি বলেন, “গতকাল রাতে ফিলিং স্টেশনে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। এ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন চালকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে অনেক হিমশিম খেতে হয় আমাদের। হঠাৎ করেই বোরখা পরে এক যুবক তেল নিতে আসেন পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ জনতা। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে যুবককে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।”
অভি আরও জানান, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষ। এই যুবক নারী সেজে আগে তেল পাওয়ার আশায় হয়তো এই কাজ করেছেন।