গোপালগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি উদ্বোধন

গোপালগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উদ্যোগে সরকারের নির্বাচনী অঙ্গীকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগ চত্বরে বৃক্ষের চারা রোপণ করে প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান এ কর্মসূচি উদ্বোধন করেন।

পরে পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম পৃথকভাবে সেখানে বৃক্ষের চারা রোপণ করেন।  

পরে দেশ ও জাতির কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত  করা হয়।

এসময় প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক জোন, সার্কেল এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম বলেন, “নির্বাচনী ইস্তেহারে সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার করেছিল। এজন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে  বৃক্ষরোপণের টার্গেট দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আমরা এ কর্মসূচি শুরু করেছি। গোপালগঞ্জ সড়ক জোন থেকে এ বছর ১৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।”

তিনি আরও বলেন, “আগামী মে-জুনের মধ্যে বৃক্ষরোপণ করা হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে ১৫ থেকে ২০ প্রজাতির বৃক্ষের চারা রোপণের জন্য সরবরাহ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। প্রকৃতি সবুজায়ন হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব হবে।”