গাজীপুরে অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ করায় ভ্রাম্যমাণ আদালত আব্দুল আলী ফিলিং স্টেশনের মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। পরবর্তীতে তাকে কাশিমপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান তাকে এ দণ্ড প্রদান করে। রবিবার (৫ এপ্রিল) বাজেয়াপ্ত দ্রব্যের বিক্রয়মূল্যর সমুদয় টাকা গাজীপুর আদালত ভবনের সোনালী ব্যাংক লিমিটেডের সরকারি কোষাগার জমা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আবুল কাসেম বাবুল গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার আব্দুল ফিলিং স্টেশনের মালিক।
এর আগে, গত ৩০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ডিজেল ও অকটেন অবৈধভাবে মজুদ করে রাখার প্রমাণ পায়। পরে ওই ফিলিং স্টেশন থেকে উদ্ধার করা হয় ২৮,৫২১ লিটার ডিজেল এবং ৫,৪৪০ লিটার অকটেন। অভিযুক্ত আবুল কাসেম বাবুল অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত উত্তোলন ও বিক্রয়যোগ্য ২৭,০৫১ লিটার ডিজেল সরকার নির্ধারিত প্রতি লিটার ১০০ টাকা দরে এবং ৪,৮৬৯ লিটার অকটেন সরকার নির্ধারিত প্রতি লিটার ১২০ টাকা দরে বিক্রি করা হয়। যার মোট বিক্রয়মূল্য ৩২ লাখ ৮৯ হাজার ৩৮০ টাকা।
রবিবার (৫ এপ্রিল) বাজেয়াপ্ত দ্রব্য বিক্রয় কোড (১৪৩১১০৪) অনুযায়ী ট্র্যাকিং নম্বর ২৫২৬-০০৪৬৩৭৬৬৪৭ এর মাধ্যমে বিক্রয়লব্ধ অর্থ গাজীপুর আদালত ভবনের সোনালী ব্যাংক লিমিটেড শাখায় সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।