ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাতুয়াইলে একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল নেওয়ার জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের পাশে মাতুয়াইল এলাকায় একটি জ্বালানি তেলের পাম্পে তেল নেওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে শুরু করে। একপর্যায়ে পাম্পের ভেতরে জায়গা না থাকায় গাড়ির দীর্ঘ সারি মহাসড়কেও আসতে শুরু করে। ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। পরে মাতুয়াইল, সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর হয়ে মদনপুর পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়।
যানজটে আটকে থাকা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন পরিবহনের চালক করিম মিয়া বলেন, "পাম্পে তেল নেওয়ার সময় যানবাহনের দীর্ঘ লাইন গিয়ে সড়কে পৌঁছেছে। এ কারণে মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। এর আগে কখনো এমন ঘটনা দেখিনি। যানজটের কারণে গাড়ি একটুও এগোচ্ছে না।"
নারায়ণগঞ্জে আসার পথে মাতুয়াইল অংশে যানজটে আটকা পড়েছেন ব্যবসায়ী আবুল কালাম। তিনি বলেন, "যানজটের কারণে গাড়ি থেকে নেমে হেঁটে সাইনবোর্ড এসেছি। পরে সাইনবোর্ড থেকে অন্য গাড়িতে করে নারায়ণগঞ্জের চাষাড়ায় পৌঁছেছি।"
যানজট নিরসনে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা কাজ করছেন বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন।