সাভারের বিরুলিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা।
বুধবার (৮ এপ্রিল) সাভার মডেল থানায় অভিযুক্ত আব্দুল বারেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত বাড়ির মালিক আব্দুল বারেক পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
শিশুটির এক স্বজন জানিয়েছেন, শিশুর বাবা ও মা বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং গার্মেন্টসে কাজ করেন। বাবা ও মা কাজে যাওয়ার পর শিশুকে একা পেয়ে চকলেট খাওয়ানোর লোভ দেখানো হয়। এরপর একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বাড়ির মালিক বারেক। রাত ১০টার দিকে পরিবার জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে।
এরপর শিশুটিকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।