সুন্দরবনে ঝড়ে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ মৌয়াল উদ্ধার হয়নি

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চারজন মৌয়ালকে জীবিত উদ্ধার করা গেলেও আরও চারজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ চারজন মৌয়াল হলেন আকবর, ওলিউর রহমান, মিকাইল হোসেন এবং ইকরামুল কবির।

এর আগে, সোমবার (৬ এপ্রিল) রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ভাসতে ভাসতে তারা পরদিন সন্ধ্যার দিকে হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে স্টেশনে নিয়ে যান।

বন বিভাগ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে মধু আহরণের সময় মৌয়ালদের বহনকারী একটি নৌকা আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

এ সময় হুলদিবুনিয়া এলাকা থেকে চারজন মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকালয়ে নিয়ে আসা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, “গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করেন। ৬ এপ্রিল রাতে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় মৌয়ালদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্বজনরা নিখোঁজদের দ্রুত উদ্ধারে বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর তৎপরতা কামনা করেছেন।