ময়মনসিংহে হাম আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১২ শিশু।

হাসপাতালের হাম ওয়ার্ডের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে আসা চিকিৎসাধীন ১০ মাস বয়সী এবং ফুলপুর থেকে আসা ৯ মাস বয়েসী দুই শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৭৩ জন চিকিৎসা সেবা নিচ্ছে।

 ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ যে ৪ সিটি কর্পোরেশনে হামের টিকাদান  কার্যক্রম শুরু হয়েছে তার মধ্যে ময়মনসিংহও রয়েছে। জানা গেছে, আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে এ কর্মসূচি।

২৮ দিনে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় ১৯ হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়েছে।

এদিকে, গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুসহ এনিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় ১৯ হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়েছে।