হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন, এরপর চবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমা (২০) ব্রেন স্ট্রোকে মারা গেছেন।

রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জীবক চাকমা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বাসিন্দা এবং রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার ছেলে।

জানা যায়, রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্যাগোড়া এলাকায় অজ্ঞান হয়ে পড়েন জীবক চাকমা। পরে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের শাখা সভাপতি অন্বেষ চাকমা জানান, জীবক চাকমার আগে কোনো শারীরিক সমস্যায় দেখা যায়নি। আগের দিন পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন এবং সকালে পড়াশোনা করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা ব্রেন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, “সকালে তাকে অচেতন অবস্থায় আনা হয়। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও সংশ্লিষ্টরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।