নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শনী শুরু

বিশিষ্ট আলোকচিত্রী, একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমির ফেলো নাসির আলী মামুনের ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনী “স্মৃতি-বিস্মৃতির মুখচ্ছবি” বাংলা একাডেমিতে উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

তিনি বলেন, “নাসির আলী মামুন দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ আলোকচিত্র সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে একটি ঐতিহাসিক ভিজ্যুয়াল আর্কাইভ গড়ে তুলেছেন। লেখক ও সাহিত্যিকদের এই আলোকচিত্র সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান ভাণ্ডার হিসেবে কাজ করবে এবং তরুণদের মধ্যে সাহিত্যের প্রতি নতুন করে কৌতূহল সৃষ্টি করবে।” 

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম নাসির আলী মামুনকে “কিংবদন্তি আলোকচিত্রী” হিসেবে অভিহিত করে বলেন, “তিন দশক ধরে তার অসাধারণ প্রতিকৃতিগুলোর সঙ্গে দেশ-বিদেশের মানুষ পরিচিত। তার নিরলস কাজ বাংলাদেশের আলোকচিত্র চর্চাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।” 

বাংলা একাডেমির বর্ধমান হাউজে আয়োজিত এই প্রদর্শনী ৩০ এপ্রিল পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বাংলাদেশের প্রখ্যাত প্রয়াত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষকদের শতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে। 

এর পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে প্রদর্শিত হচ্ছে।