রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাজশাহী থেকে সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে রাজশাহী থেকে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল করছে না।

এক যাত্রী শফিকুল আজিম বলেন, “গতকাল (মঙ্গলবার) ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। আজ (বুধবার) বাসস্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছি। পরিবার এবং ছোট বাচ্চাকাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে। কবে বাস চলাচল স্বাভাবিক হবে তারা বলতে পারছেন না। প্রতিদিন এভাবে এসে বাসায় ফিরে যাওয়া কষ্টকর।”

আরেক যাত্রী শফিকুল ইসলাম বলেন, “সকালে ঢাকা যাওয়ার জন্য বের হয়ে বাস টার্মিনালে এসে দেখি বাস চলাচল বন্ধ রয়েছে।”

ঢাকাগামী যাত্রী শিউলি বেগম বলেন, “ছোট বাচ্চা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কেউ কিছু পরিষ্কার করে বলছে না। এভাবে মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।”

পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত রাজশাহী এবং নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই এই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বসার কথা রয়েছে। আমরাও চাই এই সমস্যা সমাধান হোক।”

এদিকে, যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছানোয় উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সংকট সমাধানে বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টায় রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এক জরুরি যৌথ সভার আহ্বান করা হয়েছে।

জানা গেছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে সভায় উপস্থিত থাকবেন নাটোর ও রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি)।

সংশ্লিষ্টরা আশা করছেন, বুধবারের এই যৌথ বৈঠক থেকেই মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং দ্রুততম সময়ের মধ্যে পুনরায় রাজশাহী থেকে দুরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।