মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বজ্রপাতে নিহত এক যুবকের মরদেহ চুরি হয়ে যাওয়ার ভয়ে একসপ্তাহ ধরে রাত জেগে কবর পাহারা দিচ্ছেন তার বৃদ্ধ বাবা জসিম খানকে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকেও উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে পাহারা দিতে দেখা যায় বাবা জসিম খানকে।
নিহত ওই যুবকের নাম আরাফাত খান। গত বৃহস্পতিবার দুপুরে গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
বাবা জসিম খানের ভাষ্য, “আমার ছেলে দর্জির দোকানে কাজ করে সংসার চালাত। এক সপ্তাহ আগে বজ্রপাতে মৃত্যু হয় তার। লোকমুখে শুনেছি, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরি হয়ে যায়। সেই ভয় থেকেই কবর পাহারা দিচ্ছি।”
তিনি আর বলেন, “২ ছেলের মধ্যে আরাফাত বড় ছিল। ছোট ছেলের বয়স মাত্র ১২ বছর। এই জন্য এলাকাবাসী সহযোগিতা করলেও সবসময় পাহারা দিতে পারিনা। তাই ঋণ করে লোক রেখে কবর পাহারা দিতে হচ্ছে। নিজের সংসারই ঠিকমতো চালাতে পারছি না, তবুও ছেলের কবর রক্ষায় প্রতিদিন খরচ করতে হচ্ছে। প্রশাসন যদি কবর পাহারার ব্যবস্থা করত, তাহলে কিছুটা শান্তি পেতাম।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, নিহতের দাফন কাফনের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। কবর পাহারায় বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশের মাধ্যমে পাহারার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেটারও ব্যবস্থা করা হবে।