ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
এদিন আসামির পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন।
সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সংবাদমাধ্যকে বলেন, ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকলেও তদন্তে প্রমাণ পাওয়া গেছে ১৪৬ কোটি টাকার। তবে দীর্ঘ হাজতবাস বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ৩ মার্চ ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি জানিয়েছিল, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালের কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় “উচ্চবংশীয়” ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত।
এরপর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো খামার। বেশি দামে গরু বিক্রি করে আলোচিত ছিল সাদিক অ্যাগ্রো। দেশে নিষিদ্ধ ব্রাহমা জাতের ১৮টি গরু আমদানিও করেছিল সাদিক অ্যাগ্রো। কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে। প্রাণিসম্পদ অধিদপ্তর যোগসাজস করেসেই গরু সাদিক অ্যাগ্রোকেই ফেরত দিয়েছিল।