সাতক্ষীরায় আম পাড়ার সময় নির্ধারণ

সাতক্ষীরায় ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত বিভিন্ন জাতের আম পাড়ার তারিখ নির্ধারণ করে আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতার এ ঘোষণা দেন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম,অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আম চাষি সমিতির নেতা লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৫-২৬ মে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা হবে।

এরপর ১৫ মে হিমসাগর ও খিসরা, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম ভাঙার ঘোষণা দেওয়া হয়।

এবিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে।

তবে তিনি জানান এই সময়ের মধ্যে আমের পরিপক্কতা আসবে। তিনি অপরিপক্ক আম ভাঙা ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলে হুশিয়ারী দেন।