ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দিনেশ ত্রিবেদী শিগগিরই বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
দিনেশ ত্রিবেদী ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে, প্রণয় ভার্মাকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দিনেশ ত্রিবেদী ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালে তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন।