‘পার্সেল’ ভেবে খুলতে গিয়েই বিস্ফোরণ, আহত ভ্যানচালক

কুষ্টিয়ায় কাঠের বাক্সে রাখা বোমা বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন।

সোমবার (২৭এপ্রিল) রাত ১০টার দিকে শহরের লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যান চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। ভ্যান চালকের নাম নাসির শেখ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) রাতে দুইজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে একটি ব্যাগ ধরিয়ে দেন। তারা ব্যাগটি লাহিনী জোয়ার্দ্দার পাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। এসময় ভ্যানচালক ব্যাগটি হামিদুলের বাড়িতে নিয়ে গেলে তিনি সেটি নিতে অপরাগতা প্রকাশ করেন।

এরপর ব্যাগ নিয়ে পুনরায় লাহিনী বটতলা এলাকায় ফিরে আসে নাসির শেখ। সেখানে একটি ফলের দোকানের সামনে স্থানীয় কয়েকজনের উপস্থিতে ব্যাগ খুলে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান তিনি। এরপর কাঠের বাক্সটি খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। এতে আহত হন ভ্যানচালক নাসির শেখ। 

নাসির শেখ জানান, যারা ব্যাগটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে বলেছিলেন তাদের কাউকে চিনেন না তিনি। তারা নিজেদের গাড়িচালক পরিচয় দিয়েছিল। 

স্থানীয় হামিদুল ইসলাম জানান, রাতে ভ্যানচালক নাসির তার বাড়িতে এসে ডাকাডাকি করে। বাইরে বের হয়ে আসলে বলে আপনার পার্সেল আছে। হামিদুল বলেন যেহেতু তিনি কোন অর্ডার দেননি। কে পাঠিয়েছে সেটাও তিনি জানেন না। এ কারণে ব্যাগটি তিনি গ্রহণ করেননি।  

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার হোসেন ইমাম বলেন, “আহত একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বোমার স্প্রিন্টার জাতীয় কিছুর আঘাতে তার শরীরের নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।“ 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ফয়সাল মাহমুদ বলেন, “বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তবে কারা ঘটিয়েছে তাদের এখনও জানা সম্ভব হয়নি।“